
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল কাইয়ুম খোকন জেলার হোসেনপুর পৌরসভার আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে ও হোসেনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির স্বপন এর ছোট ভাই। তিনি হোসেনপুর পৌরসভার দুইবারের মেয়র ছিলেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল মিয়া জানান, হোসেনপুর থেকে গ্রেফতারকৃত সাবেক মেয়র আব্দুল কাইয়ুম খোকনকে রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়। তাকে সদর থানার একটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-শাহজাহান সাজু-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২