
মায়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জন বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বিজিবি। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী সীমান্ত দিয়ে আরাকান আর্মি জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রস বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে নুনিয়ারছড়া ফিশারিঘাট থেকে ১৬ জেলে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসীরা জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে।
ফিরিয়ে আনা জেলেরা হলেন, রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মো. ইসমাইল (২৭), সদর উপজেলার আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।
পরে ৭ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা জেলেদের বঙ্গোপসাগরের মায়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মায়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করে।
এ জেলেরা প্রায় ছয় দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ১৬ জন জেলেকে ফেরত এনে তাদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল