হোম » অর্থনীতি » ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেওয়া হবে।

বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

এর আগে সোমবার (১৯ আগস্ট) এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ছয় ব্যাংকের ঋণ বিতরণ ও এল‌সি খোলা স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। বেনামি ঋণ ও অর্থপাচার ঠেকাতে এমন উদ্যোগ নেওয়া হয়।

ব্যাংক ছয়টি হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!