
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী, যিনি ওই পদ আঁকড়ে ছিলেন এক যুগ ধরে।
লাকী সোমবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে তিনি উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা উল্লেখ করেছেন। তাঁকে কেউ পদত্যাগে বাধ্য করেছেন, এমন কিছু জানি না।’
লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ পান। ২০২৩ সালের ২৯ মার্চ তার মেয়াদ সপ্তমবারের জন্য বাড়ানো হয়। এত দীর্ঘ সময় এই দায়িত্বে থাকার নজির আর কারো নেই।
দীর্ঘদিন ধরে লাকীর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে থাকা নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভ তৈরি হয়। দুর্নীতির অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদও করেছিল তাকে।
শেখ হাসিনার দেশত্যাগের পরদিনই শিল্পকলা একাডেমিতে মহাপরিচালকের দপ্তরসহ অন্তত ১৫জন কর্মকর্তার কক্ষে তালা দেন কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষুব্ধ একটি অংশ। মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ‘দুর্নীতির’ নথি যেন সরিয়ে ফেলা না যায়, বিক্ষুব্ধরা সেটি প্রতিহত করার কথাও বলেন।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী
বিয়ের সাজে বুবলী
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা