
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় টেকনাফ সমুদ্র উপকূলে ঢেউয়ের কবলে পড়ে রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে মঙ্গলবার বিকেল পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা৷
মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার কাছে বঙ্গোপসাগরে ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। পরে অনেকে সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া ঘাট এলাকা থেকে ১০ নারী-পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতজন নারী, দুজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
সাঁতরে তীরে উঠে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নৌকায় ২৯ জনের মতো রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু ছিল। নৌকাটি উপকূলে ভেড়ানোর সময় উত্তাল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এতে কিছু লোক সাঁতরে উপকূলে উঠতে পারলেও অনেকে নিখোঁজ রয়েছে। পরে জোয়ারের পানিতে তাঁদের লাশ উপকূলে ভেসে আসে।
টেকনাফের স্থানীয় লোকজন জানান – মঙ্গলবার ভোররাতের পর মিয়ানমার থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাঝে মধ্যে মর্টারশেল, শক্তিশালী গ্রেনেড বোমার বিস্ফোরণের শব্দে টেকনাফ এলাকায় বাড়িঘর কাঁপছে। মিয়ানমারে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছেন
স্থানীয় সংবাদকর্মী শহিদুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ভর্তি একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গা নাগরিকেরা বিজিবির হেফাজতে রয়েছেন। তাঁদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২