
ছাত্রদের একদফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শহরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দলসহ অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করে।
এর আগে দলীয় কার্যালয় চত্বরে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, মো. ইলিয়াস হোসেন, বিএনপি নেতা ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাড. মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম লিপন, ইউনুস আলী খান দুখু, তারেকুজ্জামান তারেক প্রমুখ।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আজ ফ্যাসিবাদি স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্ত হয়েছে। শেখ হাসিনার জালিম সরকার দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। জনগণ কেউ ভয়ে মুখ খুলতে পারেনি। জনগণ স্বাধীন দেশে আজ আবারো সত্যিকারের স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। তারা নেতাকর্মীকে শান্ত থেকে সবাইকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক