
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সিরাজগঞ্জের শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সি-লাইনের একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কায় ১ যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় বাসের পুরো ছাদ উড়ে গেছে।
সোমবার (২২ এপ্রিল) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এঘটনায় আল শামীম নামে একজন যাত্রী মারা গেছেন। তিনি পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলাম আবুর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পাবনা গামী সি লাইনের একটি দ্রুতগামী বাস মহাসড়কের টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা দিলে বাসের পুরো ছাদটি উড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ৮জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আল শামীমের মৃত্যু হয়। আহত বাকি ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকা জনক। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক