
মোহাম্মদ খোরশেদ হেলালী: গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরপরই কক্সবাজার জেলাজুড়ে গুঞ্জন চলছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিয়ে৷ কক্সবাজারের ৪ টি আসন নিয়ে একটি সংরক্ষিত নারী আসন। আর এ আসনে সংসদ সদস্য হতে দৌঁড়ঝাপ শুরু করেছেন কক্সবাজারের অন্তত হাফ ডজনের বেশী নারী নেত্রী। পদ পেতে উচ্চ পর্যায়ে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন তারা। অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। আনুকূল্য পেতে শীর্ষ নেতাদের পাশাপাশি মন্ত্রী-এমপিদের কাছেও ধরনা দিচ্ছেন।
মনোনয়ন দৌঁড়ে থাকা নেত্রীদের মধ্যে রয়েছে প্রকৌশলী, আইনজীবী, গার্মেন্টস ব্যবসায়ী, অধ্যাপিকা, এছাড়া সাবেক নারী সংসদ সদস্যরাও। এদের মধ্যে সবার আগে চলে আসে বর্তমান নারী আসনের সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ। এছাড়া নারী আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইনের নামও উঠে আসছে।
এবার নতুন করে যারা এমপি হতে দৌড়ঝাপ করছেন তারা হলেন, ত্রিপলীতে বিএসসি করা ইঞ্জিনিয়ার ইসমত আরা বেগম ইসমু। তিনি মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের বাসিন্দা। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির ৪ বারের সদস্য। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা। তিনি কক্সবাজারের প্রবীন আয়কর আইনজীবী ছৈয়দুল হকের কন্যা।
অন্যদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এডভোকেট আনিচ উল মাওয়া আরজু। তিনি শহরের প্রয়াত আইনজীবী আবুল বশরের কন্যা। প্রয়াত আবুল বশর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও গার্মেন্টস ব্যবসায়ী ক্য চিন থে ডলিও আছেন আলোচনায়। তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে দেশে ফিরে গার্মেন্টস ব্যবসা শুরু করেন। তিনি হারবাংয়ের রাখাইন পাড়ার বাসিন্দা এবং হারবাং ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক।
কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা রোমানা আক্তারও আছেন নারী সংসদ সদস্য হওয়ার দৌড়ঝাঁপে। তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি জেলা কৃষকলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রশিদ আহমদের কন্যা। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোস্তাক আহমেদ চৌধুরীর সহধর্মিণী বর্তমান নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ দলের হাই কমান্ডের ‘গুড বুকে” আছেন। তাই উনাকে আবারো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করতে পারে বলে চলছে গুঞ্জন। এছাড়া আরও অনেক নারী নেত্রী শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন বলে জানা গেছে। ৩০ জানুয়ারী বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন করতে হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক